আতিফ আবু বকর
১৬৮ শহীদ পথশিশুর জন্য ফাতিহা
………….
জুলাইয়ের রাজপথে পথশিশু ফুল
শ্লোগানে শ্লোগানে ছিলো সেনাপতি তুল
সম্মুখে সঞ্চার সাহসের তীর
ফ্যাসিনার বুহ্যদার ভেঙে চৌচির-
উত্তাল উর্মিরে দেখিয়ে যে পথ
কমান্ডো পাখি যেন পথশিশু রথ।
অচেনা অথৈ ওরা আর নেই খোঁজ
দাবি নিয়ে দাঁড়াবে না স্বজনেরা রোজ।
ওরা যেন আবাবিল উড়ে আসে যায়
সন্ধিক্ষণের পর সুদূরে হারায়।
ফিরদউসের বাগে নহরের দিক-
জোনাকির তারা হয়ে করে ঝিকমিক।
মাঝে হয় বুদবুদ বুক জুড়ে ফাঁক
জুলাইয়ের ক্যানভাসে স্মৃতিদের দাগ।
পথশিশু শহীদেরা ডাকে কবি ওই
জুলাইয়ের কবিতা কি আমরাও নই।
…
শহীদদের জন্য ফাতিহা
❑
আজকে লিখি তাদের জন্য শোক,
যারা ছিলো খুব সাধারণ প্রতিবাদী লোক।
আজকে লিখি তাদের জন্য গান,
যাদের কথা গাইবে না কেউ
জানবে না আহ্ আত্মত্যাগের বিপুল অবদান।
প্রতিরোধের আলিঙ্গনে যে-সব ছিন্নমূল,
উচ্চকণ্ঠ মুখর রেখে ভেঙে দিলো ভুল।
আজকে এসো ওদের কথা বলি,
ওরাও শহীদ জীবন দিয়ে হলো ফুলের কলি।
আজকে পাঠাই ফাতিহা ও কুল
মাগফিরাতের দোয়া
সালাম সালাম শহীদ গাজীর স্রোত
তোমরা সাহস মুক্তিকামীর
জিয়ন-কাঠির ছোঁয়া।
….
জুলাইয়ের ফুটনোট
…………
জুলাই মানে লাল গোলাবের কলিজাকে ভাগ,
বিপ্লবীদের ঝাঁঝরানো বুক ডাইনি বুড়ির দাগ।
দীপ্তপদে প্রতিরোধ আর প্রতিশোধের স্বর-
বুক চিতিয়ে হাত উচিয়ে আল্লাহু আকবর।
জুলাই মানে ভাগ ইন্ডিয়া
আধিপত্যতের মূল-
উপড়ে ফেলা মুজিববাদের
মূর্তিও সমূল।
জুলাই মানে আসিফ শাকিল শান্ত সাঈদ খুন,
ওয়াসিম তাহমীদ জাবির সোনার সাহসী আগুন।
রায়হান আলিফ আদিল তাহির নাম অজানা ফুল,
পথশিশু ভবঘুরে বীরত্বের শার্দূল।
নাঈমা রিয়া নাফিসা ও তাহনা রিতার মুখ,
জুলাই মানে সাহস সুধায় তারাও সম্মুখ।
জুলাই মানে যাত্রাবাড়ী রামপুরা মিরপুর,
টঙ্গী সাভার আশুলিয়ায় সম্মিলিত সুর।
মোহাম্মাদপুর ধানমন্ডি সাইন্সল্যাবের মোড়,
উত্তরা বা তাঁতীবাজার শাহবাগে ফজর।
জুলাই মানে খুলনা সিলেট ক্ষোভের বরিশাল,
চট্টলা ও রাজশাহীতে প্রতিরোধের ঢাল।
মোমেনশাহী রংপুরেও সমুদ্র মিছিল,
অলিগলি এক হয়ে সব ঢাকার সাথে মিল।
জুলাই মানে বাংলাদেশের
সকল নগর গ্রাম,
দেড় দশকের ফ্যাসিবাদকে
তাড়ানোর সংগ্রাম।
আয়নাঘরের শিকল ভাঙা
মুক্তো পৃথ্বীর স্বাদ,
সাতক্ষীরাতে হেসে ওঠা
যেন ঈদের চাঁদ।







