মাঈন উদ্দিন জাহেদ
বিসমিল্লাহ্…
দু’হাজার চব্বিশের জুলাই অভ্যূ্ত্থানের অন্যতম কন্ঠস্বর শহীদ ওসমান হাদির রাহ্. একমাত্র কাব্যগ্রন্থ ‘লাভায় লালশাক পুবের আকাশ’ সমকালীন বাংলা কবিতায় একটি বহুল আলোচিত ও তাৎপর্যপূর্ণ সংযোজন। মুদ্রিত নাম যদিও সীমান্ত শরীফ– যা এখন সচেতন পাঠক মাত্রেই জানেন। এই কাব্যগ্রন্থে কবি ব্যক্তিগত বেদনা, সামাজিক সংকট এবং রাজনৈতিক প্রতিবাদকে একসাথে রূপ দিয়েছেন দহনময় কাব্যভাষায়। গ্রন্থের শিরোনামই এর অন্তর্গত সুরকে ইঙ্গিত করে—‘লাভা’ যেখানে অন্তর্লীন বিস্ফোরণের প্রতীক, সেখানে ‘লালশাক’ জীবনের সহজ-সরল, প্রাত্যহিক রূপের বহিঃপ্রকাশ- এমন অনন্য প্রতীকময় কাব্যযোজনা বাংলা সাহিত্যে নগন্যই।
সমূহ প্রসঙ্গ:
যেকোনো সাহিত্যের মূল ধারণা বা বক্তব্য প্রকাশিত হয় তার বিষয়বস্তুে, আর তার ভাব হলো সেই বক্তব্যকে উপস্থাপনের কৌশল ও ভাষিক নির্মাণ। Aristotle তার Poetics-এ বলেন— “Poetry is an imitation of human action, but it is not mere copying; it is a re-creation of reality.” অর্থাৎ, কবিতা বাস্তবতার প্রতিলিপি নয়, বরং তার পুনর্নির্মাণ।
ওসমান হাদির কবিতায় ব্যক্তিগত বেদনা, সামাজিক অসাম্য এবং রাজনৈতিক প্রতিবাদ একত্রে একটি পুনর্নির্মিত বাস্তবতা তৈরি করে। যেমন—
“লাভায় লালশাক হয়ে গেল পুবের আকাশ
জেরুজালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর!”
কিংবা
“মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্নভিন্ন মাথা
রক্তের ফিনকিতে ছিড়েঁ যায় আজরাইলের খাতা!”
-আগুন কি আলো নয়।
—এখানে ব্যক্তিগত অনুভূতি সামাজিক প্রতীকে রূপ নেয়।
এই কাব্যগ্রন্থের কবিতাগুলোতে অন্তর্দাহ, নীরব ক্ষোভ এবং প্রতিবাদের সুর প্রবলভাবে উপস্থিত। কবি অনেক ক্ষেত্রে নিজের অভ্যন্তরীণ যন্ত্রণা ও বাহ্যিক সংযমকে দ্বৈত চিত্রকল্পে প্রকাশ করেছেন। যেমন একটি ভাবনামূলক পঙ্ক্তিতে দেখা যায়—
“আমার ভেতরে জমে ওঠে আগুন,
কিন্তু বাইরে আমি লালশাকের মতো নরম।”
এখানে ‘আগুন’ ক্ষোভ ও দহনকে নির্দেশ করে, আর ‘লালশাক’ প্রতীক হয়ে ওঠে নম্রতা ও সামাজিক মুখোশের। এই দ্বৈততা কবিতার একটি গুরুত্বপূর্ণ নান্দনিক ও দার্শনিক স্তর নির্মাণ করে।
প্রতীক ও চিত্রকল্প:
প্রতীক হলো এমন একটি চিহ্ন যা সরাসরি অর্থের বাইরে গিয়ে গভীরতর তাৎপর্য বহন করে; আর চিত্রকল্প (imagery) হলো এমন ভাষিক নির্মাণ যা ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা তৈরি করে। Samuel Taylor Coleridge বলেছেন—
“A symbol is characterised by a translucence of the special in the individual.”
অর্থাৎ, প্রতীক একটি নির্দিষ্ট চিত্রের মধ্য দিয়ে সার্বজনীন অর্থ প্রকাশ করে।
‘লাভা’, ‘লালশাক’, ‘পুবের আকাশ’
—এই প্রতীকগুলো ব্যক্তিগত অনুভূতিকে সার্বজনীন করে তোলে।
“মাটির নিচে চাপা পড়ে আছে আমার উচ্চারণ…”
—এখানে দমন-পীড়নের বিরুদ্ধে অন্তর্গত শক্তির চিত্র ফুটে ওঠে।
গ্রন্থটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর প্রতীকী ভাষা ও চিত্রকল্প নির্মাণ। কবি বাস্তবতাকে সরাসরি উপস্থাপন না করে প্রতীকের মাধ্যমে তা গভীরতর অর্থে উন্মোচন করেন। যেমন—
“পুবের আকাশে আমি রক্তিম সূর্য খুঁজি,
যেন নতুন দিনের শুরু হয় আমার ভাঙা স্বপ্নে।”
এখানে ‘পুবের আকাশ’ সম্ভাবনার দিগন্ত, আর ‘রক্তিম সূর্য’ সংগ্রাম ও আত্মত্যাগের প্রতীক। একইভাবে—
“মাটির নিচে চাপা পড়ে আছে আমার উচ্চারণ,
তবুও শব্দেরা লাভার মতো ফেটে পড়ে।”
এই চিত্রকল্প দমন-পীড়নের মধ্যেও সত্যের অবদমিত শক্তির বিস্ফোরণকে প্রতিফলিত করে। এ কাব্যগ্রন্থের পংক্তিতে পংক্তিতে এমন অজস্র প্রতীক ও চিত্রকল্প নানা ব্যঞ্জনায় ফুটেউঠেছে।
শৈলী:
ভাষা হলো প্রকাশের মাধ্যম, আর শৈলী হলো সেই ভাষার ব্যবহারের স্বতন্ত্র রীতি।
T. S. Eliot বলেন—“Genuine poetry can communicate before it is understood.”
অর্থাৎ, কবিতা বোঝার আগেই অনুভূত হয়।
ওসমান হাদির কবিতার ভাষা সংক্ষিপ্ত, তীক্ষ্ণ ও ইঙ্গিতপূর্ণ ভাষা পাঠকের অনুভূতিকে সরাসরি আঘাত করে।
“আমি কথা বলি না…”—এখানে নীরবতাই ভাষার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তিনি সরাসরি বক্তব্য পরিহার করে প্রতীক ও নীরবতার মধ্য দিয়ে অর্থ নির্মাণ করেন। যেমন—
“আমি কথা বলি না,
আমার নীরবতাই একদিন শহরের দেয়ালে লিখে যাবে ইতিহাস।”
এই ধরনের উচ্চারণে নীরবতাকেই প্রতিবাদের শক্তিশালী ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।
সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত:
সাহিত্য কখনো শূন্যে সৃষ্টি হয় না; এটি সময়, সমাজ ও রাজনীতির সঙ্গে গভীরভাবে সংযুক্ত। Karl Marx মত দেন—
“Literature is a reflection of the material conditions of society.”
অর্থাৎ, সাহিত্য সমাজের বাস্তব অবস্থার প্রতিফলন। অন্যদিকে Jean-Paul Sartre বলেন—
“The writer is in a situation in his epoch.”
লেখক তার সময়ের ভেতরেই অবস্থান করেন এবং তা থেকেই লেখেন।
“যে শিশুটি ভাত পায় না…”
—এই ধরনের পঙ্ক্তিতে রাষ্ট্রীয় ব্যর্থতা ও সামাজিক বৈষম্য স্পষ্টভাবে উঠে আসে।
এখানে কবিতা কেবল নান্দনিক নয়; বরং একটি সামাজিক দলিল।
কবি ওসমান হাদি’র কবিতায় প্রান্তিক মানুষের বেদনা ও রাষ্ট্রীয় ব্যর্থতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। যেখানে কবি কেবল ব্যক্তিগত অনুভবের মধ্যে সীমাবদ্ধ থাকেননি; বরং কবিতাকে সামাজিক বাস্তবতার এক তীক্ষ্ণ দলিলে রূপ দিয়েছেন। বিশেষ করে শহীদ ওসমান হাদি ‘আমায় ছিঁড়ে খাও হে শকুন ‘ কবিতাটি বাংলা সাহিত্য অনন্য কালোত্তীর্ণ কবিতা হিসেবে বিবেচিত হবে অদূর ভবিষ্যতে। এছাড়াও ‘ কালো পাথরের কাবার মিস্ত্রি ‘, দরদ রাতে বারুদালাপ, না করা সংসার তার অনন্য কবিতা হিসেবে চিহ্নিত হবে।
ইতিবাচক দিকসমূহ:
শহীদ ওসমান শরিফ হাদির কবিতার ভালো ও চমৎকার দিকগুলো হলো:
প্রথমত, এই কাব্যগ্রন্থের প্রতীক ও চিত্রকল্প অত্যন্ত শক্তিশালী ও বহুমাত্রিক। ‘লাভা’, ‘লালশাক’ ও ‘পুবের আকাশ’—এই প্রতীকগুলো কেবল নান্দনিক নয়, গভীর দার্শনিক তাৎপর্য বহন করে। যেমন- মা কে কবিতায়ও –
মায়েরা চিরকাল আলিফের মত থাকে না,
মায়েদের দেহেও একদিন বার্ধক্য আসে;
কোমরটা নুয়ে পড়ে রুকুর মতন
সুরমায় ছেয়ে যায় চোখের উঠোন।
(মায় মরণের ছবি আঁকে)
দ্বিতীয়ত, কবি সময়সচেতন ও সমাজমনস্ক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমকালীন বাস্তবতাকে কাব্যে রূপ দিয়েছেন, যা গ্রন্থটিকে একটি সামাজিক দলিলের মর্যাদা দেয়। যেমন-
ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অণুচক্রিকা
সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্রিডিং
কী আশ্চর্য, তবুও আমি মরছি না!
ওদিকে দোজখের ভয়ে
আত্মহত্যা করবারও সাহস পাই না আমি!
(আমায় ছিঁড়ে খাও হে শকুন)
তৃতীয়ত, ভাষার সংক্ষিপ্ততা ও তীক্ষ্ণতা কবিতাগুলোকে ঘনীভূত ও প্রভাবশালী করে তুলেছে। যেমন-
হায় শিমুল! সীমান্তের শিমুল!
কাঁটায় কাঁটায় যার রক্ত ফেলানি হয়ে ফোটে
সে রক্তরা শুকিয়ে থাকে লাল সবুজের ঠোঁটে।( সীমান্তের নীল শিমুল)
চতুর্থত, এই কাব্যগ্রন্থ পাঠকের জন্য বহুমাত্রিক ব্যাখ্যার সুযোগ সৃষ্টি করে, ফলে প্রতিবার পাঠে নতুন অর্থের সম্ভাবনা তৈরি হয়। যেমন-
খোদাকে বললাম, আমি মরতে চাই
তিনি বললেন, বেঁচে আছ কে বলল?
সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে
রাজা তোমাকে মমি করে রেখেছেন!
(আমায় ছিঁড়ে খাও হে শকুন)
পঞ্চমত, দহন ও বেদনার মধ্যেও কবি আশার ইঙ্গিত রেখেছেন—যা গ্রন্থটিকে একমুখী নৈরাশ্যবাদ থেকে মুক্ত রাখে।যেমন-
রুহের শরিক শোনো,
এই দরদের ধানক্ষেতে হবে তুমি অক্লান্ত কিষানী কোমল;
আর আমি সংগ্রামের রোদ্দুরে পোড়ো অবিচল কিষান সবল।( পালকি)
সবশেষে, এতে একটি স্পষ্ট প্রতিবাদী ও প্রতিরোধী কণ্ঠস্বর রয়েছে, যা কাব্যটিকে নান্দনিকতার পাশাপাশি নৈতিক অবস্থানসম্পন্ন সাহিত্য হিসেবে প্রতিষ্ঠা করে।
সীমাবদ্ধতাগুলো…
তবে এই কাব্যগ্রন্থের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, অতিরিক্ত প্রতীকনির্ভরতা অনেক ক্ষেত্রে কবিতাকে দুর্বোধ্য করে তুলেছে। তবে অবোধ্য নয়।
দ্বিতীয়ত, ‘আগুন’, ‘রক্ত’, ‘মাটি’ ইত্যাদি চিত্রকল্পের পুনরাবৃত্তি বৈচিত্র্যকে কিছুটা সীমিত করেছে। প্রথম গ্রন্থ হিসেবে যা স্বাভাবিক।
তৃতীয়ত, কিছু কবিতায় ভাবের অস্পষ্টতা পাঠককে বিভ্রান্ত করে। যেমন – সার্বভৌমত্ব কবিতাটি।
চতুর্থত, আবেগের অতিরিক্ত ঘনত্ব কখনো কখনো ভাবগত স্বচ্ছতাকে আড়াল করে দেয়।
পঞ্চমত, একটি সামগ্রিক থিম থাকা সত্ত্বেও সব কবিতার মধ্যে দৃঢ় আন্তঃসংযোগ সবসময় গড়ে ওঠেনি।
ফলে, এই কাব্যগ্রন্থটি সাধারণ পাঠকের তুলনায় অভিজ্ঞ ও বিশ্লেষণধর্মী পাঠকের জন্য বেশি উপযোগী হয়ে উঠেছে।
শেষনুক্তা:
সব মিলিয়ে, লাভায় লালশাক পুবের আকাশ একটি দহনময়, প্রতীকসমৃদ্ধ এবং সময়সচেতন কাব্যগ্রন্থ হিসেবে নিজস্ব স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেছে। এর চিত্রকল্প, প্রতীকী ভাষা এবং তীক্ষ্ণ উচ্চারণ প্রমাণ করে যে ওসমান হাদি কেবল ব্যক্তিগত অনুভবের কবি নন; তিনি সমকালীন বাস্তবতার গভীর অনুধাবনসম্পন্ন এক প্রতিরোধী কণ্ঠস্বর।
এর শক্তি—প্রতীকী গভীরতা, সামাজিক সচেতনতা ও ভাষার তীক্ষ্ণতা—একে আধুনিক বাংলা কবিতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তা মূলত এর গভীরতাকেন্দ্রিক কাব্যভাষারই পার্শ্বপ্রতিক্রিয়া।
এই কাব্যগ্রন্থ বিশেষত সেইসব পাঠকের জন্য মূল্যবান, যারা কবিতাকে কেবল পাঠ নয়—অনুধাবন, বিশ্লেষণ এবং অনুভবের বহুস্তরীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত।
শেষ করি আমার ভালোলাগা অনন্য ক’টি পংক্তি দিয়ে–
শুধায় তোমারে ওরে সমরের সই
এসো করুনাময়ের কাছে প্রেমেরকথা কই
বিরহের হুল্লোড়ে পেয়ো নাকো ভয়, ভুলো না প্রলয়
এসো, বাঙ্কার হয়ে থাকি সংগ্রামী মাটিতে
এ দরদ রাতে দ্রোহ চাহি প্রার্থনা-পাটিতে!
(দরদ রাতে বারুদালাপ)
……..








Thanks.
খুবই সুন্দর বিশ্লেষণ করেছেন। বেঁচে থাকলে হয়তো আরও সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতেন।